i জল পদ্ম/তামান্না সুলতানা তুলি

জল পদ্ম/তামান্না সুলতানা তুলি

জল পদ্ম

— তামান্না সুলতানা তুলি

এই এখানে রাত্রি ভালো, ক্লান্ত দু'চোখ, ঘুমের দেশ 
চাইনি তোমার দ্বিপ্রহরে তীব্র আলোর রশ্মি রেশ 

চাই আড়ালে নিজস্বতা কার্পাসে আর কমফোটারে
চাইনি তোমার শীত-আতপের আরাম মাখা রুমহিটারে

চাইনি তোমার অযুত কথার গল্পমালা আবার সাজুক 
ধ্রুপদী গান, চটুল রাগে তবলা, সেতার, গিটার বাজুক

তোমার ঘরের নীল আলোতে বিচ্ছিরি সে রাত আসে
তোমার মাখা নীল বিষেতে ব্লিজার্ড ঢাকা ঘুম নাশে 

এই এখানে সবুজ রুমাল গ্রিন সিগন্যাল উদ্ভাসে
চাইনি তোমার লাল হুলিয়া স্তম্ভিত ভয়-তরাসে 

ছুঁইনি মানুষ, হিমের বরফ, পোকায় কাটা রদ্দি মাল
ছুঁইনি সেসব অদ্ভুতুড়ে আবেগ মাখা সে জঞ্জাল 

যাইনি আমি স্বদেশ-বিদেশ, অন্য ঘর বা বৃন্দাবন
ছুঁইনি  আতশ-বিকেল থেকে উচ্ছৃঙ্খল সেই পবন

এই এখানে নৈঃশব্দে- কদম, কেয়া, শিউলি ফোটে
চাইনি তোমার লক্ষ গোলাপ নিঃশব্দে হৃদয় লোটে

এই এখানে শরৎ ভালো, ম্লান আলোতে মেঘের বেশ 
চাইনি তোমার গ্রীষ্ম-আকাশ, সব অবকাশ, তপ্ত দেশ- 

1 Comments

  1. কবিতার ভাবনা ভালো। তবে বিবরণ বেশি হওয়ায় ভাব তরল হয়েছে। একটু মেকআপ দরকার বলে মনে হয়

    ReplyDelete
Previous Post Next Post