দুপুরের আগুন
— আজিজুল হাকিম
এখন দুপুর সময়
চারপাশ তো উত্তপ্ত হবেই।
অনেক কাল পর
উচরিঙ্গে পাখনার ঝটিকা নাচ
মেঘ সরিয়েছে।
তাচ্ছিল্যের প্রত্যাঘাতে
কয়েক ক্লিকেই উঠেছিল যে ঝড়,
তার ব্যাপ্তি কেউ কি বুঝেছিল সেদিন?
আঙুলের ডগা থেকে রাজপথে
নেমে এসেছে ঝড়ের আলেখ্য।
অথচ তুমি মানুষ হয়েও নিজেকে বানাতে চেয়েছিলে শাশ্বত —
নীতিহীন ধূলোমেঘ,
বিচ্ছিন্নতার দামামা
আর তোমার অমানবীয় ছায়ায়
ঢেকে দিতে চেয়েছিলে সূর্যের মুখ।
উর্বর সবুজ বনানিতে
চালাতে চেয়েছিলে মরু সভ্যতার মাতম।
ভুলে গেছিলে,
দাম্ভিকতার শেষ সীমানায়
সময়ের চাবুক
ঠিক সময়েই কথা বলে।
আজ দুপুর মনে
জেগে উঠেছে যে আগুন,
সে আগুন তোমাকে তো মাখতেই হবে।
রচনা: ২২/০৭/২০২৬
