— আজিজুল হাকিম
এ যেন এক মস্তবড় কামারশালা —
যেখানে আগুন ছিল ভাষা
হাতুড়ি আর ছেনির আঘাতে
আমার দেহ থেকে ফিনকি ছুটছিল —
অচেনা নক্ষত্রের ফুলকি।
আমি গলে যাচ্ছিলাম
এক গদ্যময়, প্রাণহীন পৃথিবীতে।
তারপর… তারপর
ভাঙা বজ্রের ব্যাকরণে
শুরু হল মেঘেদের সংলাপ।
বৃষ্টি নামল
অন্তহীন ঢোলের তালে—
একটানা, অগুণিত বছরের
বৃষ্টি আর প্লাবনের ইতিহাস
আমার বুকে,
তোমার বুকে,
এই পৃথিবীর ফাঁকা খাতায়।
অচেতনতার মরচে ধুয়ে দিয়ে
বৃষ্টির কলমে, মেঘের কালিতে
লেখা হল প্রথম জীবনের পাণ্ডুলিপি—
যেখানে প্রতিটি আঁকাবাঁকা দাগ ছিল
এক একটি নদীর জন্মচিহ্ন।
সাগরের বুকে গর্জে উঠল নীল স্মৃতির ঢেউ
আর তার গর্ভে জন্ম নিল সাগর সভ্যতা
চারিদিকে রচিত হল
নদীর উৎসৃঙ্খ ব্যাকুলতা
এ কোন খেলা?
এ কার খেলা?
মহুল মাধুরী,
তুমি কি জানো,
সেই খেলাটাই ছিল
আমাদের প্রথম চেতনা?
রচনা: ২১/০১/২০২৬
