আমি হেঁটে যাচ্ছি
একটি ধর্ষক দেশের গলিপথ ধরে
হারিয়ে যাওয়া আমার মেয়ে,
আমার বৌ
ওদের খুঁজছি।
গলিপথ ধরে হেঁটে যাচ্ছে
ভয়ংকর সব নখ ও দাঁত ওয়ালা প্রাণী —
চোখ ও চেতনায় কামনার বিষাক্ত লালা
ঝরে পড়ছে, ছড়িয়ে যাচ্ছে;
কিন্তু ওরা দেখতে
ঠিক মানুষের মতোই।
জলন্ত সিগারেটের ছ্যাঁকা
আর ব্লেডের খেলা চলছে
উন্মুক্ত শরীরে —
ধর্মান্ধ আফিম মাতাল মোচ্ছব
চলছে প্রতি ঘরে।
রক্তে ভেসে যাচ্ছে গলিপথ।
জানালা-দরজা ফুঁড়ে
বেরিয়ে আসছে বাঁচার আকুতি।
একি, আমার মেয়ের কণ্ঠস্বর নয়?
না আমার বউয়ের?
আমি কোন দিকে যাব?
সব ঘরেই তো ওদের তীক্ষ্ণ আর্তচিৎকার।
তবুও,
এখানে আলো জ্বালা নিষেধ,
এখানে প্রতিবাদ করা মানা।
*****
রচনা: ০৬/০৭/২০২৬
