— আজিজুল হাকিম
ইভান কলেজে প্রথম বর্ষের ছাত্র। সপ্তাহখানেক হল ক্লাস শুরু হয়েছে। সেদিন ক্লাসরুমে একটি বেঞ্চে সে একাই বসেছিল। অন্যান্য বেঞ্চগুলোতে অবশ্য তিন চারজন করে বসে ছিল।
সে যে বেঞ্চে বসেছিল সেই বেঞ্চে সাধারণত মেয়েরা বসে। তাদের ক্লাসে প্রায় দেড়শ ছেলেমেয়ে। কিন্তু তাদের মধ্যে মাত্র তিরিশ জন ইংরেজি নিয়েছে। সপ্তাহভর ক্লাস করে ইভান ও অন্য ছাত্ররা নিশ্চিত যে কোনো মেয়ে এই সাবজেক্টটি নেয়নি। তাই সে ওই বেঞ্চে বসল।
কিন্তু কিছুক্ষণের মধ্যেই একটি মেয়ে ঘরে ঢুকে তার দিকেই এগিয়ে যাচ্ছে।
ইভান বলল, "এই, এখান থেকে চলে যা। আমাদের এখন ক্লাস আছে।"
এর আগে সে মেয়েটিকে কোনদিন দেখেনি; তবু তাকে "তুই"বলেই সম্বোধন করল। কারণ কলেজে সাধারণত ক্লাসমেটদের মধ্যে তুই আমি বলেই কথা বলা হয়।
মেয়েটি তার চলার গতি না থামিয়ে হাসতে হাসতে বলল, "আমারও ক্লাস আছে।"
— এখন কোন মেয়ের ক্লাস নেই।
— আমার আছে।
— এর আগে তো ক্লাস হয়েছে; কিন্তু কোন মেয়ে দেখিনি।
ততক্ষণে মেয়েটি একদম ওর সামনে চলে এসেছে। বলল, "এখন দেখে নে। কোন মেয়ে আছে কিনা আছে, আজ তার প্রমাণ পেয়ে যাবি।"
ইভান শেষ পর্যন্ত বেঞ্চটি ছেড়ে ছেলেদের বেঞ্চে গিয়ে বসল।
কিছুক্ষণের মধ্যে স্যার এলেন। কিন্তু ও বেরিয়ে গেল না। স্যার রোল কল করলে ও ইভানের পরেই উপস্থিতি জানাল।
ও মেয়েটির দিকে তাকাল, মেয়েটিও ওর দিকে তাকিয়ে এক জোড়া ঝলমলে চোখ ও ঠোঁটের প্রান্তে ঝলসে ওঠা এক ঝলক হাসি উপহার দিল।
মেয়েটির চোখে যেন হালকা সুরমা দেওয়া আছে আর ঠোঁটে গোলাপি রঙের মিষ্টি আভাস। স্যারের লেকচারের মধ্যেও দু'একবার চোখাচোখি হল।
শেষ পর্যন্ত ক্লাস শেষে স্যার যখন বেরিয়ে গেলেন মেয়েটি ওর বেঞ্চ ছেড়ে সরাসরি ওর সামনে এসে দাঁড়াল। বলল, "আমার সঙ্গে একটু যাবি?"
ইভান বলল, "কোথায়?"
— তোর সঙ্গে কথা আছে। একটু বাইরে চল।
যে মেয়েটিকে সে এর আগে কোনদিন দেখেনি তার আবার কি কথা থাকতে পারে! সে কিছুই খুঁজে পেল না। সে একটু ইতস্তত করল।
সে আবার বলল, চল না।
শেষ পর্যন্ত ইভান মেয়েটিকে অনুসরণ করল।
ওরা ঘর ছেড়ে বারান্দায় গেল। বারান্দা ছেড়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগল।
— কি কথা আছে, বল? ইভান বলল।
— চল না বলছি। মেয়েটির ঠোঁটে সেই রহস্যময় হাসি।
— আমি কোথায় যাব?
— যেখানে আমি যাব।
— তুই কোথায় যাচ্ছিস?
ততক্ষণে ওরা সিঁড়ি পেরিয়ে নিচে নেমে গেছে। মেয়েটি এবার ইভানের দিকে ঘুরে দাঁড়াল। চোখে চোখ রাখল। ভীষণ মায়াবী কাজলকালো চোখ। সারা মুখে দেবী ভেনাসের সৌন্দর্য।
হঠাৎ ওর হাত টেনে নিয়ে হাঁটতে শুরু করল। অফিস বিল্ডিংয়ের দিকে হাঁটতে হাঁটতে মেয়েটি বলল, তোকে নিয়ে জাহান্নামে যাচ্ছি।
****
রচনা: ২৯/০৫/২০২৬
