আমার শহর
— ইসমাত রিজুয়ানা
আমার শহর রঙ মেখেছে জীর্ণ গালে
আমার শহর নাচতে জানে যুগের তালে
চাঁদের আলো পোড়ায় তবু বস্তি কত
আমার শহর মানুষ টানা রিকশা গাড়ি
আমার শহর সাদায় নীলে ময়লা শাড়ি
আলো আঁধার ছায়ায় ঢাকা মায়ের মত
আমার শহর খেলা পাগল দামাল ছেলে
আমার শহর উড়াল পাখি পাখনা মেলে
নস্টালজিক প্রাণের শহর সবাই মানি
আমার শহর উথলে ওঠে সব হুজুগে
আমার শহর পিছলে পড়ে আঘাত লেগে
কাটিয়ে বাধা ঠেলে বিপদ উঠবে জানি
আমার শহর ভিড়ে বোঝাই বাদুড় ঝোলা
আমার শহর হারানো স্বপ্ন কুড়িয়ে তোলা
মাটির নিচে ছুটে বেড়ায় পাতাল রেলে
আমার শহর কফি হাউজে কলেজ স্ট্রিটে
আমার শহর ভিড় ট্রামের ধারের সিটে
শীতের দিনে চিড়িয়াখানা সবাই মিলে
আমার শহর নষ্ট মেয়ের চোখের কালি
আমার শহর ছেঁড়া জামায় রঙীন তালি
বিকেল বেলা নরম রোদে সেপিয়া সেড
আমার শহর ভীষণ দামী শপিং মলে
আমার শহর ফাটা জিনস্ বেকার ছেলে
ইচ্ছে ডানায় ঘুরতে থাকা খালি পকেট
আমার শহর খুব গরীব সবজি ভাতে
আমার শহর মাটন কারি ধনীর পাতে
খিদের জ্বালা ভোগের স্বাদ কপাল দোষে
আমার শহর ট্রাফিক জ্যামে ভীষণ ধীরে
আমার শহর স্বপ্ন দেখায় মনের জোরে
সদাই তাড়া জীবন কাটে কলম পিষে
আমার শহর লড়াই করে হার মানে না
আমার শহর লুকিয়ে রাখে সব বেদনা
ঠিক সময়ে বজ্র কঠিন বড় গোঁয়ার
আমার শহর আপোসহীন গরজে ওঠে
আমার শহর প্রতিবাদের মিছিলে হাঁটে
বিচার চায় ধর্ষিতা বোন তিলোত্তমার
***
