কবিতা
অনুভবের মায়া
ফাতেমা ইসরাত রেখা
এই শুনছো!
তোমাকে ভীষণ দেখতে ইচ্ছে করে আজকাল
জানি তুমি আসবে না, তুমি আসতে পারো না
কিন্তু তবুও তোমার কথা মনে পড়ে সময়ে অসময়ে।
তোমাকে ছেড়ে আছি বহুদিন গত হলো, তাই না?
অথচ তোমার স্মৃতিগুলো আজও দাঁড়িয়ে অপেক্ষায়
আমার কি দোষ বলো! ওরাই তো ভুলতে দেয় না
চুপি চুপি গল্প করে, অভিমান করে আবার কাছে আসে।
দেখো না-
কতোটা অবাধ্য হয়ে আজ তোমাকে লেখাচ্ছে
বলছিলাম আমাদের সময় যা গেছে তাতো চলেই গেছে
কেন তোমাকে আবার বিব্রত করতে হবে এমনটা লিখে?
মন কোনো শাসন বারণ শোনে না, জানো তো?
তোমার কথা মনে হলেই দুঃখী হয়ে বসে থাকে
ঝরা বকুলের শুকনো মালার গন্ধে আকুল হয়।
তোমাকে কাছে পেতে বড্ড তাড়া যেন বুকের ভেতর
আমি কি দিয়ে বাঁধবো বলো সেই উদোম বিকেল!
শুনোই না
আমি কিন্তু চাইনি মোটেও শূন্যতার এই পূর্ণ সন্ধ্যা
শুধু তোমাকে ভাবলেই যা পরিপূর্ণ হয়ে যায় বিস্মৃত অভিমানে
মুখোমুখি হতে হতে কেমন করে যে এতটা দূরত্ব এলো!
আজও অজানা যেনো সবটুকু বাঁধা নিষেধ কিংবা
আমাদের কাছে আসার গল্পগুলো আর নিকোনো বেলা,
হয়তো তাই এখনো হাঁটতে থাকি সেই পথে মনের অজান্তেই।
শোনো -
তোমার হয়তো মনে নেই সেইসব ছাদ আকাশে চাঁদ জোছনা
তোমার একটি আঙুল স্পর্শে এই দীর্ঘ প্রেমের প্রথম প্রহর
আমি আজও দাঁড়িয়ে সেখানেই যেখান থেকে ছিলো গল্পের শুরু।
তুমি যতোই দূরে আছো ভেবে সুখ পাও তাতে কি
আমি তো জানি, তোমার অবস্থান আজও এখানে কতোটা বেপরোয়া
কতোটা কঠিন অনুভবের মায়ায় জড়িয়ে আছো
একটি তুমি হয়ে শূন্য বুকে পূর্ণতার।
*****
