শূন্যতার গর্ভে
— আজিজুল হাকিম
আর তখনই জন্ম নেয় সময়
তার গর্ভে জীবনহীন জীবন
ঋতুবিহীন এক গভীর নিঃশ্বাস —
ঝড়ের সংলাপ
বহে চলে অবিরত
মহাশূন্যের কানে।
অনন্তকালের মানচিত্র আঁকে
অদৃশ্য শিল্পী
শূন্যের অন্ধ বুকে
ধুলোবালি আর পাথরের ঠুকোঠুকিতে,
ভাঙ্গা-গড়ার চরম হট্টগোলে
ভেঙে যায় নীরবতা,
গড়ে ওঠে রূপের প্রথম ভাস্কর্য—
ধ্বংস আর সৃষ্টির যুগল নৃত্যে।
তখনই ঘাম জমে পাথরের গায়ে
কমলা আর রক্তিম রঙে নরম আগুন
হেসে উঠে স্ফূরণের উল্লাসে
অগুণিত প্রহরের পর
ফুলকির মতো জ্বলে-নেভে
ওম-রোদ্দুর
অগ্নিহীন আগুনের মতো
অস্তিত্বের তাপ —
আমিহীন আমি-তে
শূন্য গর্ভে নিমগ্ন ছিলাম।
মহুল মাধুরী, তুমিও ছিলে না কি
আমার চেতনার প্রথম আলোতে
অদৃশ্য সহযাত্রী?
জানো না কি,
শূন্যতা আসলে শূন্য নয়—
সে নতুন জন্মের আগে
অস্তিত্বের গভীর নিঃশ্বাস?
রচনা: ১৫/০১/২০২৬
