শূন্যতার গর্ভে
— আজিজুল হাকিম
ঋতুবিহীন এক গভীর নিঃশ্বাস —
বহে চলে অবিরত
মহাশূন্যের কানে।
অদৃশ্য শিল্পী
শূন্যের অন্ধ বুকে
ভাঙ্গা-গড়ার চরম হট্টগোলে
ভেঙে যায় নীরবতা,
কমলা আর রক্তিম রঙে নরম আগুন
হেসে উঠে স্ফূরণের উল্লাসে
ফুলকির মতো জ্বলে-নেভে
ওম-রোদ্দুর
অস্তিত্বের তাপ —
শূন্য গর্ভে নিমগ্ন ছিলাম।
মহুল মাধুরী, তুমিও ছিলে না কি
অদৃশ্য সহযাত্রী?
অস্তিত্বের গভীর নিঃশ্বাস?
