i কবিতা: উত্তাল হচ্ছো কেন প্রিয় দেশ/আজিজুল হাকিম

কবিতা: উত্তাল হচ্ছো কেন প্রিয় দেশ/আজিজুল হাকিম

উত্তাল হচ্ছো কেন প্রিয় দেশ
     — আজিজুল হাকিম

দেশের মাঝে আজ নাৎসী জাগরণ
চারিদিকে হিটলারি বুলডোজারের তাণ্ডবের রেস। 
তুমি উত্তাল হচ্ছো কেন, প্রিয় দেশ?

যারা শান্ত সমুদ্রের বুকে অশান্তের ঢিল ছুঁড়ে
তারা তো আছে বেশ।
 
ওদের মনের গভীরে জড়ো হচ্ছে বারুদের স্তূপ।
রক্তের ফোয়ারায় ভিজবে বলে 
গোপন গবেষণাগারে চলছে হিংসার মোচ্ছব। 
রাজপথ আজ ধর্মের হাট,
চলে ধর্ম-ব্যাপারীর শাণিত আস্ফালন; 
কেবল অমানুষ! বিধর্মীরাই আটকে পড়ে খোঁয়াড়ের ভেতর।
হাতে পায়ে নেমে আসে কাঁটা তারের বেড়া
চিৎকার করবে বলে ঠোঁট ফুঁড়ে চলে সূচ।  

তুমি কি পিছুনে তাকিয়েছ, প্রিয় দেশ? 
দেখেছ কি, 
টানতে টানতে কত পিছনে নিয়ে গেছে তোমায়? 
তোমার মায়াবী জ্যোৎস্না, 
তোমার প্রিয় রোদ্দুর,
ভালোবাসার ঐক্য সুর  
ঘুটঘুটে অন্ধকারে হারিয়েছে দিশা। 
একটানা প্রলয় ঝড়ে হারিয়ে গেছে কৃষ্ণচূড়া ফাগুন।
ধর্মের জ্বালানিতে চারিদিকে জ্বলে ওঠে 
হিংসা, বিদ্বেষ আর বিভেদের আগুন। 

তবুও,  
তবুও তুমি উত্তাল হচ্ছো কেন, প্রিয় দেশ?

রচনা: ১৬/০৬/২০২২
                সন্ধ্যা বেলা

Post a Comment

Previous Post Next Post